‘মাদক ব্যবসা ছাড়তে এক মাস সময় দেয়া হলো’

আপডেট : ০৭ মে ২০১৭, ১৬:৫৩
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যারা মাদক বিক্রি করে অবৈধভাবে অর্থসম্পদের মালিক হয়েছে ভালোর পথে আসার জন্য তাদের এক মাস সময় দেয়া হলো।
 
রবিবার দুপুরে রাজধানীর ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘মাদকের ভয়াবহ আগ্রাসন : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
দুদক চেয়ারম্যান বলেন, সারা দেশে মাদক বিক্রির সঙ্গে জড়িত ৩৬৫ জনের একটি তালিকা আমরা হাতে পেয়েছি। যারা মাদক বিক্রি করে অবৈধভাবে অর্থসম্পদের মালিক হয়েছেন ভালোর পথে আসার জন্য তাদের এক মাস সময় দেয়া হলো। তারা যদি এই সময়ের মধ্যে সঠিক পথে না আসে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
ইকবাল মাহমুদ দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
 
দুদক চেয়ারম্যান বলেন, ‘মাদকদ্রব্য আজ দেশের জেলা-উপজেলা পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে। এই মাদকের ভয়াল ছোবলের কারণে আগামী প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। এ ব্যাপারে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে এবং মাদকের ক্ষতিকর দিকগুলো বাবা-মাকেই সন্তানদের জানাতে হবে।’
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী।  বাসস
 
ইত্তেফাক/ইউবি