ত্রিশালে ৪৬৫ পরীক্ষার্থী ফল পায়নি, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট : ০৭ মে ২০১৭, ১৭:০১
 
বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও ময়মনসিংহের ত্রিশালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের ৮টি বিদ্যালয়ের ৪৬৫জন পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়নি। রেজাল্ট না পেয়ে রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে পরীক্ষার্থীরা।
 
স্থানীয় প্রশাসন দ্রুত তম সময়ের মধ্যে ফল এবং তাদের ভর্তির নিশ্চয়তার প্রেক্ষিতে পরীক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। জানা যায়, উপজেলার ত্রিশাল কারিগরি ও বাণিজ্যিক কলেজ, ধানীখোলা কারিগরি ও বাণিজ্যিক কলেজ, নজরুল একাডেমী (ভোকেশনাল শাখা), নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), কাটাখালি ওমর আলী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), বাগান ইসলামিয়া আলিম মাদরাসার (ভোকেশনাল শাখা) ৮টি বিদ্যালয়ের ৪৬৫জন পরীক্ষায় অংশ গ্রহণ করলেও ফল প্রকাশিত হয়নি।
 
এ ব্যাপারে ধানীখোলা কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, কারিগরি পরীক্ষা কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার ফল বোর্ডে প্রেরণ করা হয়নি। তাই ত্রিশালের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের সকলেই ফেল করেছে। গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম জানান, আমরা বাস্তব প্রশিক্ষণ কোডে যথা সময়ে ফল প্রেরণ করলেও মূল ফলাফলের সঙ্গে সংযুক্ত হয়নি। বিষয়টি জানতে পেরে আমরা পরবর্তীতে আবারও জরিমানা দিয়ে জমা দিলেও ফলাফল আসেনি। ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কারিগরি পরীক্ষার কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, কি কারণে ফলাফল আসেনি তা বুঝে উঠতে পারছি না। তবে মনে হয় আমরা মার্ক অনলাইনে পাঠিয়েছি তা উনারা হয়ত পাইনি।
 
ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মণ্ডল ও ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামানের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।
 
ইত্তেফাক/জামান