ঝিনাইদহে ১ জঙ্গি ও ৬ জামায়াত-শিবির কর্মীসহ গ্রেপ্তার ৫৭

আপডেট : ১০ মে ২০১৭, ১৩:৩২
ঝিনাইদহ জেলায় নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী অভিযানে পুলিশ এক জঙ্গি ও ৬ জামায়াত শিবির কর্মীসহ ৫৭ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত খেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 
 
ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জেলায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসাবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ২০ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৩ জন, কালীগঞ্জ থেকে ৯ জন,  কোটচাঁদপুর উপজেলা থেকে ৫ জামায়াত শিবির কর্মীসহ  ৯ জন ও মহেশপুর থেকে ১ জামায়াত কর্মীসহ ৮ জন রয়েছে। 
 
তিনি আরও জানান, রাশেদুল ইসলাম নামে এক জঙ্গিকে সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামের জিনজিরা পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। সে মহেশপুরের বজরাপুর গ্রামের জঙ্গি আস্তানা অভিযান মামলার আসামি। গ্রেপ্তারকৃত বাকি ৫০ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়।