জগন্নাথপুরে নির্মাণের ২০ বছর ধরে পরিত্যক্ত ব্রিজ!

আপডেট : ১১ মে ২০১৭, ০৩:১৩


উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় খালের উপর ব্রিজ নির্মাণের ২০ বছর পেরিয়ে গেলেও দুই পাশে কোনো রাস্তা না থাকায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২৫ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়েছে। তবে কোন দপ্তর কর্তৃক ব্রিজটির নির্মাণ কাজ হয়েছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী ব্রিজটির ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। উপজেলা এলজিইডি ও পিআইও অফিসের দায়িত্বশীল কর্মকর্তারাও ব্রিজটির নির্মাণকারী প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি।

জানা যায়, নির্মিত ব্রিজের দুই পাশের রাস্তা পরিবর্তন করে তত্কালীন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পশ্চিম ভবানীপুর ও পূর্ব ভবানীপুর এলাকাবাসী নলুয়ার হাওরে যাতায়াতের সুবিধার্থে ব্রিজ এলাকার স্থান পরিবর্তন করে নতুন করে পশ্চিম ভবানীপুর সড়ক নির্মাণ করে। এতে ২০ বছর ধরে রাস্তাবিহীন ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে রাস্তাবিহীন দণ্ডায়মান ব্রিজটি  জনসাধারণের কাজে আসছে না।

স্থানীয় লোকদের কাছে ব্রিজটি নির্মাণের কারণ জানতে চাইলে তারা জানান, নলুয়ার হাওরে যাতায়াতের সুবিধার্থে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ব্রিজটি নির্মিত হয়। ব্রিজটি নির্মাণের পর এলাকাবাসী আনন্দিত হলেও ব্রিজটি কোনো কাজে আসেনি।

৯নং ওয়ার্ড কাউন্সিলর দ্বিপক গোপ জানান, ব্রিজটি কত সালে নির্মিত হয়েছিল তা আমার জানা নেই। তবে ধারণা করা হচ্ছে ২০ বছর আগে নির্মাণ করা হয়েছে।

উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, ব্রিজটি নির্মাণকারী প্রতিষ্ঠানের কোনো তথ্য তাদের কাছে নেই। কখন এ ব্রিজটি নির্মাণ কাজ হয়েছে তার খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/নূহু