মাদ্রিদ মাস্টার্সে নিজেদের প্রথম ম্যাচে বড় অঘটন থেকে বেঁচে গেছেন নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। যদিও শেষ পর্যন্ত উভয় খেলোয়াড়ই কষ্টার্জিত জয় তুলে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গতকাল স্প্যানিশ অবাছাই নিকোলাস আলমাগরোকে ৬-১, ৪-৬, ৭-৫ গেমে পরাজিত করেছেন জকোভিচ। নাদালও ইতালিয়ান ফাবিও ফগনিনিকে পরাজিত করতে পুরো তিন সেট খেলেছেন। প্রথম সেটে টাই ব্রেকে ৭-৬ (৭/৩) গেমে জয়ী হলেও দ্বিতীয় সেটে নাদাল ৩-৬ গেমে হেরে বসেন। তবে শেষ সেটে ৬-৪ গেমে জয়ী হয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা।
ম্যাচ শেষে নাদাল বলেছেন, আমার টেনিসের মান আজ ততটা উঁচু ছিল না। প্রথম থেকেই কেমন যেন অস্বস্তিতে ছিলাম। এটা সত্যি যে কানের প্রদাহের কারনে বেশ কিছুদিন যাবতই আমি স্বাভাবিক ভাবে খেলতে পারছি না। যদিও দিন দিন এর উন্নতি হচ্ছে।
এদিকে জকোভিচ ও নাদাল কোনরকমে পার পেলেও সুইস তারকা স্ট্যান ওয়ারিঙ্কা আর পেরে উঠেননি। তৃতীয় বাছাই ওয়ারিঙ্কা ৭-৫, ৪-৬, ৬-২ গেমে পরাজিত হয়েছেন ফ্রেঞ্চ বেনোয়িট পেইরির কাছে। জিলস মুলারকে সহজেই ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করে শেষ ১৬ নিশ্চিত করেছেন পঞ্চম বাছাই মিলোস রাওনিক। বাজে শুরুর পরে শেষ পর্যন্ত আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্টজম্যানকে ১-৬, ৬-০, ৬-৪ গেমে পরাজিত করে পরের রাউন্ডে উঠেছেন কেই নিশিকোরি। বাসস।
ইত্তেফাক/রেজা
