ম্যানইউতে যাচ্ছেন রদ্রিগেজ!

আপডেট : ১৩ মে ২০১৭, ১৬:৩৩
গুঞ্জনটা বেশ আগ থেকেই চাউর হচ্ছে। মৌসুমের শেষ দিকে রিয়াল মাদ্রিদকে বিদায় বলে দিচ্ছেন হামেস রদ্রিগেজ। এবার কলম্বিয়ান তারকার রিয়াল ছাড়ার খবরটি আরও একবার জানান দিয়েছে কলম্বিয়ার জনপ্রিয় রেডিও আরসিএন।
 
সংবাদ মাধ্যমটির দাবি, ইতোমধ্যে রদ্রিগেজ চুক্তির ব্যাপারে প্রাথমিক আলোচনা সেরে নিয়েছেন। বাকি কেবল লস ব্লাঙ্কোসদের আনুষ্ঠানিক বিদায় বলা। এজন্য চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে মরিনহোর দলকে।
 
রিয়ালে খুব একটা ভালো সময় যাচ্ছে না রদ্রিগেজের। মূল একাদশের কেউ বাদ না পড়লে মাঠে দেখা মেলে না এই কলম্বিয়ান তারকার। চলমান মৌসুমে এখন অবধি লা লিগায় ২০ ম্যাচ থেকে ৮ গোল করেছেন রদ্রিগেজ। সতীর্থদের গোলে সহযোগিতা করেছেন ৮টি।
 
উল্লেখ্য, মোনাকো ছেড়ে ২০১৪ সালে রিয়ালে নাম লেখান রদ্রিগেজ। এর আগে পোর্তোর হয়ে দারুণ সময় কেটেছে রদ্রিগেজের। ২০১০-২০১৩ পর্যন্ত দলকে ২৫টি গোল উপহার দেন এই মিডফিল্ডার। এএস স্পোর্টস।
 
ইত্তেফাক/সাব্বির