আসন্ন অ্যাশেজ সিরিজের আগেই দেনা-পাওনা সমস্যার আশু সমাধানের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। গেল সপ্তাহে খেলোয়াড়দের বেতন বৃদ্ধি করে নতুন কাঠামো ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আগামী ৩০ জুনের মধ্যে নতুন চুক্তিতে সই করার জন্য খেলোয়াড়দের অনুরোধও জানায়।
কিন্তু নতুন বেতন-কাঠামোতে মোটেও খুশী নয় অস্ট্রেলিয়া জাতীয় দলের চুক্তিভিত্তিক খেলোয়াড়রা। তাই আগামী নভেম্বরে নিজ দেশের মাটিতে অ্যাশেজের আগে বেতন আরও বৃদ্ধি করতে নতুন কাঠামো ঘোষণার আহ্বানও জানায় এসিএ। বেতন-কাঠামো বৃদ্ধি না করলে, অ্যাশেজ বয়কট করার ঘোষণাও দিয়ে রেখেছে তারা। সেই বয়কটের প্রতি সায় দিয়ে টুইটারে টুইট করেছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক, ‘কতটা জনপ্রিয় হয় পুরুষ ও মহিলা অ্যাশেজ, সেটির অপেক্ষায়.....।’
স্টার্কের ঐ টুইটে খোঁচা দিয়ে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘দারুণ বলেছো স্টার্ক। দলের সেরা খেলোয়াড়দের ছাড়া অ্যাশেজ দারুণ হবে।’ ওয়ার্নার আরও বলেছেন, ‘আমি আশা করবো, আমাদের সমস্যাগুলো বুঝতে সক্ষম হবে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদি না বুঝে তবে গ্রীষ্মে আমরা ক্রিকেট খেলবো না। সবকিছুই নির্ভর করছে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর। তারা কিভাবে এসিএ’র সাথে চুক্তি করে। এটি সম্পূর্ণ নির্ভর করে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর।’
এসিএ’র প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন বলেন, ‘এটি সমাধান করার আগ্রহ আমাদের মধ্যে আছে। খেলোয়াড়রা যা চাইছেন, আমরা তা করতে চাই। খেলোয়াড়রা কোন রকম ঝামেলা করতে চাইছে না। তারা অ্যাশেজ খেলতে চায় এবং একটি সমাধানে আসতে চায়। ’ ‘আমরা উইন-উইন অবস্থায় একটা সমাধানের কাছাকাছি ছিলাম। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার কারণে মাত্র দুই ঘন্টায় তা শেষ হয়ে গেছে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘খেলোয়াড় বর্তমানে শক্ত অবস্থানে আছে। কারণ উদ্দেশ্য সফল করতে চাইছে তারা। তবে তাদের সেরা পারিশ্রমিকই দেয়া হচ্ছে। সমন্বয় রেখেই তা করা হচ্ছে।’
ইত্তেফাক/সাব্বির
