মধ্য ডানপন্থি এদুয়ার্দ ফিলিপকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ম্যাক্রোন

আপডেট : ১৫ মে ২০১৭, ২১:০০
মধ্য ডানপন্থি এদুয়ার্দ ফিলিপকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোন। ফিলিপ ম্যাক্রোনের দল লা রিপাবলিক এন মার্শের সদস্য নন, তিনি মধ্য ডানপন্থি রিপাবলিকান দলের।
 
এই মধ্যপন্থিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়ার মাধ্যমে ম্যাক্রোন ডান ও বাম উভয় পন্থার গুরুত্বপুর্ণ ব্যক্তিদের প্রশাসনে নিয়ে আসার ইঙ্গিত দিলেন। প্রধানমন্ত্রীর পদে কে আসছেন সেটা নিয়ে দিনভর বেশ জল্পনা-কল্পনা চলেছে। তবে সবার মধ্যে এগিয়ে ছিলেন লি হাভরে শহরের মেয়র এদুয়ার্দ ফিলিপ। তিনি রিপাবলিকান দল থেকে মনোনয়নে রানার আপ আলাইন ইয়ুপ্পের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
 
প্রেসিডেন্ট ম্যাক্রন আগামী মাসের সংসদীয় নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছেন। নিজের অর্থনৈতিক পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে তার মধ্য ডানপন্থিদের সমর্থন প্রয়োজন। তার নতুন দল লা রিপাবলিক এন মার্শে গত সপ্তাহে জুনের সংসদীয় নির্বাচনে ৪২৮ মনোনীত সদস্যের নাম ঘোষণা করেছে যাদের অর্ধেকের বেশি নারী। এদের মধ্যে মাত্র ৫ শতাংশ বর্তমান সংসদের সদস্য ছিলেন এবং এদের সবাই বামপন্থি সোশ্যালিস্ট দলের সদস্য ছিলেন। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির