মেক্সিকোয় পুরস্কার বিজয়ী সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট : ১৬ মে ২০১৭, ১৩:৩৭
মেক্সিকোর পুরস্কার বিজয়ী সাংবাদিক জাভিয়ের ভালদেজকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় এ হত্যাকাণ্ডটি ঘটে।
 
রিওডোসে ওয়েবসাইট জানায়, সুলিয়াকান নগরীতে অজ্ঞাত হামলাকারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তিনি এ নগরীতেই কাজ করতেন।
 
২০১১ সালে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ভালদেজকে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড দেয়। মাদক পাচারের ওপর প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান।
 
এবছর মেক্সিকোতে ভালদেজসহ পাঁচ সাংবাদিককে হত্যা করা হল। গত বছর একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাংবাদিক হওয়া মানে সন্ত্রাসীদের ব্ল্যাকলিস্টে থাকা।’ এছাড়া গত মার্চে আরেক সাংবাদিক মিরোসলাভা ব্রিচকে গুলি করে হত্যা পর ভালদেজ লিখেন, ‘নীরবতাকে না বলুন।’
 
প্রায় তিন দশকের সাংবাদিকতা পেশায় ভালদেজ শক্তিশালী মাদকচক্র সিনালোয়াসহ মেক্সিকোর মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ সম্পর্কে ব্যাপক লেখালেখি করেন। চক্রটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত। এই রুটে মাদক পাচারের ২৫ শতাংশ চক্রটি নিয়ন্ত্রণ করে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু