বিশ্বজুড়ে র্যানসমওয়্যারের আক্রমণের মধ্যে হলিউডের চলতি গ্রীষ্মের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পাইরেটস অব দি ক্যারিবিয়ান-ডেড ম্যান টেল নো টেলস’ হ্যাকিংয়ের শিকার হয়েছে। ডিজনি প্রযোজিত ও জনি ডেপ অভিনীত জনপ্রিয় এই সিরিজের পঞ্চম ছবিটির জন্য মুক্তিপণ দাবি করেছে, এবং চাহিদানুযায়ী অর্থ প্রদান না করা হলে ছবিপি প্রকাশ করে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে।
ওয়াল্ট ডিজনি কোম্পানির প্রধান নির্বাহী বব ইগর সোমবার নিউইয়র্কে তার কর্মকর্তাদের বলেছেন, যে হ্যাকাররা মুক্তির অপেক্ষায় থাকা একটি সিনেমা চুরি করেছে। তারা হুমকি দিয়েছে বিটকয়েনের মাধ্যমে তাদের চাহিদানুযায়ী অর্থ প্রদান করা না হলে সিনেমাটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে অনলাইনে প্রকাশ করে দেয়া হবে।
ইগর সিনেমাটির নাম না প্রকাশ না করলেও নিজস্ব সূত্রের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে হ্যাকিংয়ের শিকার হওয়া সিনেমাটি হচ্ছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের পঞ্চম সিক্যুয়েলটি। ২৬ মে বিশ্বব্যাপী এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাইরেট সিরিজের এর আগের চারটি সিনেমা থেকে ডিজনি বিশ্বজুড়ে ৩.৭৩ বিলিয়ন ডলারের বাণিজ্য করেছে।
এর কয়েক সপ্তাহ আগে স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স এর জনপ্রিয় টিভি সিরিজ ‘অরেঞ্জ ইস দ্য নিউ ব্ল্যাক’ এর নতুন মৌসুমের এপিসোড চুরি করে মুক্তিপণ দাবি করে হ্যাকাররা। নেটফ্লিক্স হ্যাকারদের দাবি প্রত্যাখ্যান করে। পাইরেটস এর হ্যাকিং সংক্রান্ত বিষয়ের তদন্ত কর্তৃপক্ষের সঙ্গে পরিচালনা করছে ডিজনি। তবে এই হ্যাকিংয়ের সঙ্গে বিশ্বজুড়ে ওয়ান্না ক্রাই র্যানসমওয়্যারের আক্রমণের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বলেই জানা গেছে।
ইত্তেফাক/সাব্বির
