বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কো-অপারশেন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) কাউন্সিলের তৃতীয় সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টায় পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হবে। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অপর দিকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মার্ক লিনসকট।
বাংলাদেশ প্রতিনিধি দলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ ২১ সদস্যের প্রতিনিধিদল অংশ গ্রহণ করবে এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সি এস. বার্ণিকাটসহ ১৫ সদস্যের প্রতিনিধি দল এ সভায় অংশ গ্রহণ করবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ দিনের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্ববৃহৎ একক রপ্তানি বাজার। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ হতে যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে, একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়েছে।
২০১৩ সলের ২৫ নভেম্বর বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কো-অপারশেন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের পর ২০১৪ সালের ২৬ এপ্রিল টিকফা কাউন্সিলের প্রথম সভা ঢাকায় অনুষ্ঠিত হয় এবং ২০১৫ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিষয়াদি আলোচনায় প্রধান্য পাবে। বাংলাদেশের পক্ষ থেকে সভায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার প্রবেশাধীকার সহজীকরণ, বাংলাদেশি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করণ, টেকনোলজি ট্রান্সফার, ডিজিটাল ইকোনমি, বাংলাদেশের ভৌত অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।
অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশে শুল্ক ও অশুল্ক বাধা হ্রাসকরণ, ওষুধ আমদানি প্রক্রিয়া স্পষ্টিকরণ, মেধাস্বত্ব সংরক্ষণ, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা ও এনার্জি সেক্টরে বিনিয়োগ, চুক্তি বলবৎকরণ, সরকারি ক্রয় পদ্ধতি ও লেবার ইস্যু বিষয় আলোচনা হতে পারে।বাসস
ইত্তেফাক/ইউবি
