বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে পাবনা জেলা চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত উত্তেজনাকর ম্যাচে নারায়ণগঞ্জ জেলাকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনা জেলা।
এদিন সকাল নয়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হয় বিকেল তিনটায়। যে কারণে ৫০ ওভার থেকে খেলা নির্ধারিত হয় ২০ ওভারে। টসে জিতে প্রথমে নারায়ণগঞ্জ জেলাকে ব্যাট করতে পাঠায় পাবনা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে নারায়ণগঞ্জ। দলের পক্ষে রাফসান ও তাইবুর ৩২ রান করে সংগ্রহ করেন। পাবনার পক্ষে শিহাব ৪টি উইকেট দখল করেন।
পরে ব্যাট করতে নেমে ১৯ দশমিক ৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২২ রান সংগ্রহ করে পাবনা জেলা। পাবনার পক্ষে ইমরান ৩৯ ও নাইম ২০ রান করেন। নারায়ণগঞ্জ জেলার পক্ষে সজীব ৩টি উইকেট লাভ করেন। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন পাবনার শিহাব। আর ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন একই জেলার তৌহিদ তারিক খান।
খেলা শেষে পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/সাব্বির
