থারাঙ্গা-জয়সুরিয়ার রেকর্ড ভাঙলেন দিপ্তী-পুনম

আপডেট : ১৬ মে ২০১৭, ২১:২৯
নারী ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে উদ্বোধনী ও যে কোন উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের দীপ্তি শর্মা ও পুনম রাউত। দক্ষিণ আফ্রিকায় চার জাতি টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২০ রানের উদ্বোধনী জুটি গড়ে বিশ্বরেকর্ড গড়লেন দীপ্তি ও পুনম। 
 
শুধুমাত্র নারী ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটের ওয়ানডেতে অর্থাৎ পুরুষদের ফরম্যাট মিলিয়ে উদ্বোধনী জুটিতেও এটি বিশ্বরেকর্ড। এর আগে পুরুষ ক্রিকেটে উদ্বোধনী জুটিতে বিশ্ব রেকর্ড গড়েছিলেন শ্রীলংকার সনত জয়সুরিয়া উপুল থারাঙ্গা। ২০০৬ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২৮৬ রানের বিশ্ব রেকর্ড জয়সুরিয়া ও থারাঙ্গা। তাদের সেই রেকর্ড ভেঙ্গে দিয়ে এবার নতুন বিশ্বরেকর্ড গড়লেন দীপ্তি ও পুনম।
 
এর আগে যেকোন উইকেট জুটিতে বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের সারা টেইলর ও ক্যারোলিন আটকিন্স। ২০০৮ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬৮ রানের উদ্বোধনী ও যে কোন উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছিলেন টেইলর ও আটকিন্স।
 
চার জাতির ওয়ানডে টুর্নামেন্টের অষ্টম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ২ উইকেটে ৩৫৮ রান করে ভারত। উদ্বোধনী জুটিতে ৪৫ দশমিক ৩ ওভার ব্যাট করে ৩২০ রান তুলেন দীপ্তি ও পুনম। দীপ্তি ২৭টি চার ও ২টি ছক্কায় ১৬০ বলে ১৮৮ ও পুনম ১১টি চারে ১১৬ বলে ১০৯ রান করেন। জবাবে ১০৯ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ফলে ভারত জয় পায় ২৪৯ রানের। দীপ্তির ১৮৮ রানের ব্যক্তিগত ইনিংসটি মহিলাদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ। তাই রেকর্ড বইয়ে নাম উঠেছে দীপ্তিরও।
 
ইত্তেফাক/সাব্বির