নিউজিল্যান্ডের জয়

আপডেট : ১৭ মে ২০১৭, ২৩:২৯
নিউজিল্যান্ডের জয়লাভের আগে শেষ উইকেটটি নেন বাংলাদেশ দলের দুর্দান্ত বোলার মাশরাফি বিন মুর্তজা। কিন্তু জয় শেষ পর্যন্ত নিউজিল্যান্ডেরই হলো। ৪৭ ওভার ৩ বলে নিউজিল্যান্ড তাদের জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের দেওয়া টার্গেট পূরণ করে।
 
এর আগে রস টেইলরকে এলবিডব্লিউ করে সাঁজঘরে ফেরালেন মুস্তাফিজুর রহমান। এই বাঁ-হাতি পেসারের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ৪০ বলে ২৫ রান করেন টেইলর। ৪২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২১৯।
 
বিপদজনক হয়ে ওঠা টম ল্যাথামকে তুলে নিয়েছেন রুবেল হোসেন। অর্ধশত রান করা ল্যাথামকে উইকেটের পেছনে মুশফিকের শিকারে পরিণত করেন রুবেল। আউট হওয়ার আগে ৬৪ বলে ৫৪ রান করেছেন ল্যাথাম।
 
 ২৫৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নিউজল্যান্ড দূরন্ত সূচনা পায়। অধিনায়ক টম ল্যাথাম ও লুক রঞ্চি ওভার প্রতি প্রায় ৬ রান করে নিয়ে ৬.৫ ওভারেই ৩৯ রান তুলে নেয়। যখন ল্যাথাম-রঞ্চি জুটি বাংলাদেশের খেলোয়ারদের দিকে চোখ রাঙ্গাচ্ছিল ঠিক তখন স্বমহিমায় আবির্ভূত হন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৭ ওভারের শেষ বলে রঞ্চি মুস্তাফিজের মায়াবী কাটারে ক্যাচ তুলে দেন মাহমুদুল্লাহর হাতে। আউট হওয়ার আগে তিনি ২৭ বলে ২৭ রান করেন।
 
এরপর ওয়ার্কারকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখে চলছিলেন ল্যাথাম। ম্যাচের ১৬তম ওভারে সাকিবের সরাসরি থ্রোতে ওয়ার্কার রান আউট হলে তাতে ছন্দপতন ঘটে। আউট হওয়ার আগে ২৪ বলে ১৭ রান করেন ওয়ার্কার।
 
এর আগে ডাবলিনের ক্লোনটার্ফে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সৌম্য সরকার ৬৭ বলে ৬১, উইকেটরক্ষক মুশফিকুর রহিম ৬৬ বলে ৫৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৫৬ বলে ৫১ ও মোসাদ্দেক হোসেন ৪১ বলে ৪১ রান করেন। 
 
আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো।