চট্টগ্রামের ঐতিহ্যবাহী বহুমুখী স্বেচ্ছাসেবী সংগঠন নবীন মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে আয়োজিত কারিকা প্রেজেন্ট এ্যাডভোকেট গোলাম মোস্তাফা স্মৃতি আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালের দলগত ইভেন্টে ৩-২ সেটে বাংলাদেশ বিমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম জেলা। মহিলা একক পর্বে নড়াইলের তুশিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিনথিয়া। বালক একক পর্বে চট্টগ্রামের সাজিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা দলের অপর খেলোয়াড় সজীব। পুরুষ এককে বিমানের হিমেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা দলের সজীব।
শনিবার বিকেলে টুর্নামন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ও নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘তরুণরাই এই বাংলাদেশের মূল চাবিকাঠি। তরুণরা আছে বলে দেশ এগিয়ে যাচ্ছে। তরুণরাই খেলাধুলার মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের গৌরব বয়ে আনছে।’
তিনি বলেন, ‘শুধুমাত্র ফুটবল ক্রিকেটে সীমাবদ্ধ না থেকে অন্যান্য খেলাও চালিয়ে যেতে হবে। সারাদেশের টেবিল টেনিস খেলোয়াড়রা চট্টগ্রামে খেলতে এসেছেন, এটা চট্টগ্রামের জন্য গর্বের। আশা করছি পরবর্তী আসরগুলোতে দেশের বাইরের খেলোয়াড়রাও এই প্রতিযোগীতায় অংশ নিবে।’ তিনি বক্তব্যে এ্যাডভোকেট গোলাম মোস্তফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে টুর্নামেন্ট আয়োজনে জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
