দুমকিতে ব্রিজের বেহাল দশায় ভোগান্তিতে সহস্রাধিক শিক্ষার্থী

আপডেট : ২১ মে ২০১৭, ০১:১০

পটুয়াখালীর দুমকিতে একটি ব্রিজের বেহাল দশার কারণে ভোগান্তি পোহাচ্ছে সহস্রাধিক শিক্ষার্থীসহ এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আশুরিয়ার খালের উপর এলজিইডির নির্মিত ব্রিজটি দীর্ঘ পাঁচ বছর যাবত্ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সরেজমিন দেখা যায়, ব্রিজের দুইপাশ থেকে ভেঙে যাওয়াসহ কার্পেটিং উঠে রড বেরিয়ে গেছে। ফলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে ব্রিজটি।

 

এদিকে  দুইটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজের সহস্রাধিক শিক্ষার্থীর চলাচলের একমাত্র ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চরম বিপাকে পড়েছেন অভিভাবকরা। কয়েকজন অভিভাবক জানিয়েছেন,  প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠিয়ে উদ্বিগ্ন থাকতে হয় তাদের। ব্যবসায়ী আব্দুল কাইয়ুম জানান, নির্বাচন চলে গেলে খবর রাখে না কেউ। ব্রিজটি মেরামতের জোর দাবি জানিয়েছেন এলাকার সর্বসাধারণ। যোগাযোগ করা হলে এলজিইডির উপজেলা প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হবে।

ইত্তেফাক/নূহু