রিয়ালের ৩৩, নাকি বার্সার ২৫!

আপডেট : ২১ মে ২০১৭, ১৬:৩২
কারা জিতছে লা লিগা? গত দুই মৌসুম ধরে চলা বার্সেলোনার আধিপত্য ভেঙে ৩৩তম লা লিগা শিরোপা জিতবে রিয়াল মাদ্রিদ, নাকি ১৯৯১-৯২ কিংবা ১৯৯২-৯৩ মৌসুমের মতো চরম নাটকীয়তায় ২৫তম বারের মতো শিরোপা জয়ের উল্লাসে ভাসবে বার্সেলোনা?
 
প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে রবিবার দুই দলের লিগের শেষ খেলার শেষ মিনিট পর্যন্ত। পয়েন্ট টেবিলের ১১তম অবস্থানে থাকা মালাগার মাঠে আতিথ্য নিতে যাবে কোচ জিনেদিন জিদানের রিয়াল। ক্যাম্প ন্যু-তে বার্সেলোনার প্রতিপক্ষ এইবার। সবকিছু বিবেচনায় বার্সার চেয়ে এগিয়ে থাকবে রিয়াল। ৩৭ খেলায় জিজুর শিষ্যদের পয়েন্ট ৯০। বার্সার ৮৭। তাই মালাগার সঙ্গে কোনো রকম ড্র করলেই ২০১১-১২ মৌসুমের পর প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরবে মাদ্রিদিস্তারা। তবে রিয়াল হারলে এবং এইবারের সঙ্গে বার্সা জিতলে শিরোপা উঠবে লিওনেল মেসিদের হাতে। কারণ এল ক্লাসিকোতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে কোচ লুইস এনরিকের শিষ্যরা। চলতি মৌসুমে মালাগার মাঠে গিয়ে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। আজ নিজেদের মাঠে দলটি এমন কিছু করুক এমন প্রত্যাশাই করবে বার্সা ভক্তরা। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোদের ফর্ম এবং ইতিহাস বলছে ভিন্ন কথা।
 
লিগে সর্বশেষ পাঁচ খেলার প্রত্যেকটিতে জিতেছে রিয়াল। এক ভ্যালেন্সিয়া ছাড়া চার খেলায় চার কিংবা তার বেশি গোল করেছেন রোনালদো-করিম বেনজেমারা। সবমিলিয়ে মালাগার সঙ্গে লিগে ১৫ খেলার ১৪টিতে জিতেছে মাদ্রিদ। তদুপরি সর্বশেষ সাত মৌসুমে লিগের শেষ খেলায় হারেনি তারা। সেভিয়া এবং সেল্টার সঙ্গে দু’টি করে চারটি গোল করে দুর্দান্ত ফর্মে আছেন দলে মূল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আজো মাদ্রিদিস্তাদের মূল চোখ থাকবে তার উপর। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকছেন গ্যারেথ বেল এবং দানি কারভাহাল। তবে দলে ফিরছেন আপিলের কারণে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাওয়া নাচো।
 
বার্সার জন্য খারাপ খবর হচ্ছে ইনজুরির কারণে অনিশ্চিত জেরার্ড পিকে এবং হাভিয়ের ম্যাশেরানো। তবে এইবারের সঙ্গে ইতিহাস বিবেচনায় জয় পেতে সমস্যা হবার কথা নয় বার্সার। কারণ লিগে দলটির সঙ্গে পাঁচ খেলার প্রত্যেকটিতে জিতেছে বার্সেলোনা। ১৬ গোলের বিপরীতে মাত্র একটি গোল হজম করেছে তারা। তবে শুধু জয় পেলেই হবে না এনরিকের শিষ্যদের। প্রত্যাশা করতে হবে মাদ্রিদের হারেরও। ১৯৯১/৯২ কিংবা ১৯৯২/৯৩ মৌসুমের মতো জাদুকরী কিছুর আশায় থাকবেন বার্সা ভক্তরা। এই দুই মৌসুমে লিগের শেষ খেলার আগ পর্যন্ত এক পয়েন্টে এগিয়ে থেকেও লিগ হেরেছে মাদ্রিদ। 
 
১৯৯১-৯২ মৌসুম শেষ খেলার আগে রিয়ালের পয়েন্ট ছিল ৫৪, বার্সার ৫৩। মৌসুমের সপ্তম খেলা থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রিয়াল। রিয়ালের হয়ে একশ’র উপর ম্যাচ খেলা জর্জ ভালদানো তখন কোচ টেনেরাইফ নামক অখ্যাত দলের। রিয়ালের শেষ খেলা ছিল এই দলটির বিপক্ষে। হাগি এবং ফার্নান্দো হিয়েরোর দুই গোলে মনে হচ্ছিল মাদ্রিদের শিরোপা উঁচিয়ে ধরা সময়ের ব্যাপার। কিন্তু তখনই নাটক। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জেতে টেনেরাইফ। ইয়োহান ক্রুইফের বার্সেলোনা পুরো মৌসুমে একবারও শীর্ষে ছিল না। অথচ শেষ খেলায় অ্যাটলেটিকো বিলবাওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে তার দল! পরের মৌসুমেও ৫৭ পয়েন্ট নিয়ে লিগের শেষ ম্যাচের আগ পর্যন্ত এগিয়েছিল রিয়াল। কিন্তু সেই টেনেরাইফের সঙ্গে ২-০ গোলে হেরে যায় মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ক্যাম্প ন্যু-তে শিরোপা উত্সব করে কাতালানরা।
 
মালাগার কোচ মিশেলও ভালদানোর মতো একজন মাদ্রিদিস্তা। খেলোয়াড় হিসেবে প্রায় ২০ বছর মাদ্রিদে কাটিয়েছেন তিনি। ইতিহাসের কি পুনরাবৃত্তি হবে এবার?- গোল.কম
 
লা লিগা পয়েন্ট টেবিল
 
দল                           ম্যাচ            জয়              ড্র             পরাজয়        পয়েন্ট
 
রিয়াল মাদ্রিদ              ৩৭             ২৮              ৬             ৩               ৯০
 
বার্সেলোনা                 ৩৭             ২৭              ৬             ৪                ৮৭
 
অ্যাট.মাদ্রিদ                ৩৭             ২২               ৯              ৬               ৭৫
 
সেভিয়া                     ৩৭             ২০              ৯              ৮               ৬৯
 
ভিলারিয়াল                ৩৭             ১৮              ১০           ৯                ৬৪