আয়ারল্যান্ডকে ৩৪৫ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আপডেট : ২১ মে ২০১৭, ২০:০০
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৩৪৫ রানের বড় টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৪ রান করে নিউজিল্যান্ড।
 
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ডাবলিনের মালাহিডে উদ্বোধণী জুটিতে ৬১ বলে ৭০ রান পায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৩৫ রানে ওপেনার লুক রঞ্চি ফিরে গেলেও দলের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার অধিনায়ক টম লাথাম। 
 
তিন নম্বরে নামা নিল ব্রুমের সাথে দ্বিতীয় উইকেটে ৭৫ ও তৃতীয় উইকেটে রস টেইলরের সাথে ৬৭ রানের জুটি গড়েন লাথাম। পাশাপাশি ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিও তুলে নেন লাথাম। তবে সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি লাথাম। ৯টি চার ও ৪টি ছক্কায় ১১১ বল মোকাবেলায় ১০৪ রান করেন তিনি।
 
দলীয় ২১২ রানে লাথামের বিদায়ের পর দলের স্কোরে রানের হাওয়া যুগিয়েছেন রস টেইলর, কোরি এন্ডারসন, মিচেল স্যান্টনার ও কলিন মুনরো। টেইলর ৬৪ বলে ৫৭ ও এন্ডারসন ২৪ বলে ২০ রান করলেও, মুনরোর ঝড়ো ১৫ বলে ৪৪ রান নিউজিল্যান্ডকে রানের পাহাড়ে বসিয়ে দেয়।
 
সংক্ষিপ্ত ইনিংস : নিউজিল্যান্ড : ৩৪৪/৬, ৫০ ওভার (লাথাম ১০৪, টেইলর ৫৭, মুনরো ৪৪, চেজ ২/৬৯)।
 
ইত্তেফাক/ইউবি