অস্ত্র আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে বগুড়ার ধুনট উপজেলা শিবিরের সভাপতি রাসেল মাহমুদকে (২২) কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাসেল মাহমুদ ধুনট উপজেলার খাদুলী দিগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। বুধবার সকাল ১০টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
থানা সূত্রে জানা যায়, রাসেল মাহমুদ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অনার্স ২য় বর্ষের ছাত্র। সে ধুনট উপজেলা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাসেল মাহমুদের বিরুদ্ধে ধুনট থানায় ২০১৩ সালের ১১ নভেম্বর বিস্ফোরক আইনে ও ২০১৬ সালের ২২ জুলাই অস্ত্র আইনে মামলা দায়ের হয়। এরমধ্যে অন্ত্র আইনের মামলায় রাসেল মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
ধুনট থানার অফিসার ইনাচর্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চত করে বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে ২১মে রাতে উপজেলার চালাপাড়া গ্রামে শফিকুল ইসলামের বাড়ি থেকে রাসেল মাহমুদকে গ্রেফতার করেন র্যাব-১২ বগুড়ার সদস্যরা। এরপর মঙ্গলবার রাতে রাসেল মাহমুদকে থানায় সোপার্দ করেন।
ইত্তেফাক/কেকে
