শুরুর আঘাত সামলে নিয়ে দারুণ ব্যাট করছে নিউজিল্যান্ড। বাংলাদেশ বোলারদের হতাশ করে ১৯ ওভারেই ১০৪ রান তুলে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
অধিনায়ক টম ল্যাথাম ৬১ ও নিল ব্রুম ৩৪ রান করে ক্রিজে আছেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই নিউজিল্যান্ড ওপেনার লুক রঞ্চিকে তুলে নিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। রঞ্চি আউট হওয়ার আগে ২ রান সংগ্রহ করেন। তখন নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ ওভারে ১ উইকেটে ২৩ রান। এরপরই কাউন্টার অ্যাটাক শুরু করেন ল্যাথাম ও ব্রুম। ১৬ ওভারে ওভারপ্রতি ৫ এর বেশি রান তুলে তারা ৮৯ রানের জুটি গড়েছেন।
সিরিজে টানা তিন ম্যাচ জয় লাভ করায় ইতোমধ্যেই সিরিজ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে টম ল্যাথামের দল। তবে এই ম্যাচ অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের জন্য র্যাংকিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।
শেষ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচের অভিষিক্ত সানজামুল ইসলামের জায়গায় ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। দীর্ঘদিন পর আবারো বাংলাদেশ দলে সুযোগ পেলেন তিনি।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হেসেন ও নাসির হোসেন।
নিউজিল্যান্ড দল: লুক রঞ্চি (উইকেট কিপার), টম ল্যাথাম (অধিনায়ক), নিল ব্রুম, রস টেইলর, কোরি এন্ডারসন, কলিন মুনরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতান প্যাটেল।
ইত্তেফাক/রেজা
