বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা জয় পেয়েছে।
কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে বৃহস্পতিবার এই খেলাটি স্থানীয় বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, ইউআরসি ইন্সট্রাকটর বদরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মনোয়ারুল ইসলাম, মুরাদ হোসেন খান, ধোবাউড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো নজরুল ইসলাম।
এতে তিনবারের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলে জয়লাভ করে। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে অনুষ্ঠিত হয়। এতে হরেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন ও সোহেল হাগিদক।
ইত্তেফাক/জামান
