রুনিকে বাদ দিয়েই ইংল্যান্ড স্কোয়াড

আপডেট : ২৫ মে ২০১৭, ২০:৫১
হুট করেই যেন সব কিছু দূরে সরে যাচ্ছে ইংলিশ ফুটবলার ওয়েন রুনির। ম্যানচেস্টার ইউনাইটেডে সদ্য শেষ হওয়া মৌসুমে অনেকটাই উপেক্ষিত ছিলেন তিনি। এবার উপেক্ষিত রইলেন জাতীয় দলেও। বৃহস্পতিবার দেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনিকে বাদ দিয়েই স্কটল্যান্ড ও ফ্রান্স ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
 
৩১ বছর বয়সী রুনি সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৮টি ম্যাচের মাত্র ১৫টিতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে জায়গা পান। বৃহস্পতিবার গ্যারেথ সাউথগেট ঘোষিত স্কোয়াডে তরুণ তারকা মার্কাস র‌্যাশফোর্ড জায়গা করে নিলেও উপেক্ষিত রইলেন রুনি।
 
গত মার্চে জাতীয় দলের উপেক্ষিত ছিলেন রুনি। স্কটল্যান্ডের বিপক্ষে আগামী ১০ জুন গ্লাসগোতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সাউথগেটের দলে জায়গা পাননি রুনি। তিনদিন পর ফ্রান্সের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও উপেক্ষিত রইলেন ইংল্যান্ডের অধিনায়ক। জাতীয় দলের হয়ে রুনির অধ্যায় বুঝি শেষ হতেই চলল।
 
ইংল্যান্ডের হয়ে রেকর্ড সর্বোচ্চ ১২৫ ম্যাচ খেলা পিটার শিলটনকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল রুনির সামনে। তবে ১১৯ ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ৫৩ গোল করা রুনির জাতীয় দলে প্রত্যাবর্তন করা এখন বেশ চ্যালেঞ্জিংই হয়ে পড়ল। দেখা যাক নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে এখন কী চিন্তা করেন রুনি। বিবিসি স্পোটর্স।
 
ইত্তেফাক/রেজা