সুযোগ সন্ধানী চোরেরা সব সময়ই এদিক-সেদিক ঘুরে বেড়ায়। কেউ একটু অসতর্ক হলেই হাত সাফাই করে ফেলে। এমনই এক সুযোগ সন্ধানী চোর এদিন পার্ক করে রাখা একটি গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসে। এদিক-ওদিক তাকিয়ে গাড়িটি চালু করেই চম্পট দেয়ার পাঁয়তারা করছিল চোর বেচারা। কিন্তু বিষয়টি নজরে এসে যায় গাড়ির মালিকের।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের বাসিন্দা মেলিসা ম্যারিয়ান নিজের গাড়ি বাঁচাতে অদভুত এক কাণ্ড ঘটিয়ে বসেন। গাড়ির পেছনে দৌড়ালে যে সেটি আর ধরতে পারবেন না তা বুঝেই তিনি গাড়ির সামনের অংশে লাফ দিয়ে উঠে বসেন। গাড়ির সামনের কাঁচের ওপর উঠে বসায় চোর যাতে সামনের কিছু দেখতে না পায় সেই চেষ্টাই করছিলেন ঐ নারী।
হঠাত্ করে গাড়ির মালিকের এই কাণ্ড দেখে কিছুটা অবাক হয় চোর। বেশ খানিকক্ষণ ধরে চোর ব্যাটা চেষ্টা করে যাতে গাড়ির ওপর থেকে ঐ নারীকে ফেলে দেওয়া যায়। গাড়ির মালিকও নাছোড়বান্দা। চোরেরা গাড়ি ছেড়ে পালানো পর্যন্ত প্রাণপণ গাড়িটিকে আঁকড়ে ধরে ছিলেন।
শেষ পর্যন্ত গাড়িতে থাকা নিজের ওয়ালেট এবং মোবাইলের ওপর দিয়ে রক্ষা পেয়েছে গাড়িটি। তবে তার এমন কাজে জীবনের ঝুঁকি থাকায় অনেকেই সমালোচনা করেছেন।-এনডিটিভি
ইত্তেফাক/নূহু
