জাতিসংঘ আন্তর্জাতিক বাজারে ‘বাংলাদেশ’ স্টলে বিদেশী ক্রেতাদের ভিড়

আপডেট : ২৬ মে ২০১৭, ১২:৩৯
জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে ইস্ট রিভার প্লাজায় বৃহস্পতিবার জাতিসংঘ আন্তর্জাতিক বাজার (মেলা) বসেছিল। সকাল ১০টা হতে শুরু হয়ে বেলা ৪টা পর্যন্ত এই মেলা চলে।
 
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের স্ত্রী এবং ‘ইউএন উইমেন গিল্ড’ এর অনারারি প্রেসিডেন্ট মিস ক্যাটারিনা ভাজ পিনটো গুতেরেজের আহ্বানে সাড়া দিয়ে ‘ইউএন উইমেন গিল্ড’ এবং সদস্য দেশ ও সংস্থাসমূহের কর্মকর্তাদের স্ত্রীগণ এই বাজারের  আয়োজন করে।
 
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধির স্ত্রী মিস ফাহমিদা জাবিন এর তত্ত্বাবধানে এবং স্থায়ী মিশন ও নিউইয়র্কস্থ কনস্যুলেট জেনারেল অফিসের কর্মকর্তাগণের স্ত্রীদের অংশগ্রহণ ও সহযোগিতায় এ মেলায় বাংলাদেশের পক্ষ থেকে দুটি স্টল স্থাপন করা হয়।
 
হাতে তৈরি ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার এবং দেশীয় কারু ও হস্তশিল্প সামগ্রীর বিভিন্ন পণ্য সম্ভারে সজ্জিত বাংলাদেশ স্টল ছিল বিদেশী ক্রেতাদের অন্যতম আকর্ষণ।
 
উল্লেখ্য, মানবতার কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রতিবছরই এই ইউএন ইন্টারন্যাশনাল বাজারের আয়োজন করা হয়।মেলা থেকে উপার্জিত অর্থ সিরিয়ার শরণার্থীদের জন্য এবং বিশ্বব্যাপী ‘ইউএন উইমেন গিল্ড’ এর স্পন্সরকৃত শিশু প্রকল্পে ব্যয় করা হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ