বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে খুলনা টাইটান্সের কোচ হলেন শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। আগামী দু’বছরের জন্য খুলনার কোচের দায়িত্ব পালন করবেন সদ্যই ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা এনে দেয়া জয়াবর্ধনে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানায় খুলনা টাইটান্স কর্তৃপক্ষ।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর বিপিএলের ২০১৬ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে অংশ নিয়েছিলেন জয়াবর্ধনে।
তবে ইতোমধ্যে নিজেকে কোচ প্রতিষ্ঠিত করেছেন জয়াবর্ধনে। সদ্য শেষ হওয়া আইপিএলের দশম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পালন করেন তিনি। আর এই আসরের চ্যাম্পিয়ন হয় মুম্বাই।
জয়াবর্ধনকে কোচ হিসেবে পেয়ে আনন্দিত খুলনা টাইটান্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘বিপিএলের আগামী দুই মৌসুমের জন্য টাইটান্সের প্রধান কোচ হিসেবে জয়াবর্ধেনেকে নিয়োগ দিতে পেরে আমরা রোমাঞ্চিত। মাঠের মধ্যে তিনি সব সময়ই একজন দুর্দান্ত নেতা এবং শ্রীলঙ্কার হয়ে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টও জিতেছেন তিনি। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে তাকে আইপিএল জিততে দেখে আমরা রোমাঞ্চিত। আমি নিশ্চিত, টাইটান্সের সবাই তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আর তার উপস্থিতিতে এই টুর্নামেন্ট আরও সমৃদ্ধ হবে।’
গেল বছর খুলনা টাইটান্সের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। এবার টাইটানসের দায়িত্ব পেয়ে জয়াবর্ধনে নিজেও আনন্দিত। দায়িত্ব নিশ্চিত করে জয়াবর্ধনে বলেন, ‘গত বছর বিপিএলে খেলাটা দারুণ উপভোগ করেছি আমি। তখনই ভালোমতো উপলব্ধি করেছিলাম ২০১৭ সালের টুর্নামেন্টে সফল হওয়ার জন্য কি-কি প্রয়োজন।’
গেল বছরই প্রথমবারের মত বিপিএলে অংশ নিয়ে তৃতীয় হয়ে আসর শেষ করে খুলনা টাইটান্স। নিউজ ১৮/ বাসস।
ইত্তেফাক/রেজা
