কোহলিকে হাল্কাভাবে না নেয়ার পরামর্শ হাসির

আপডেট : ২৬ মে ২০১৭, ১৯:৫৪
সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপিএল) বিরাট কোহলি হয়তোবা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইক হাসির মতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় অধিনায়ককে হাল্কাভাবে নিলে প্রতিপক্ষ দলগুলো নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবে।
 
আইসিসি ইভেন্টের আগে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সঙ্গে আলাপকালে হাসি বলেন, ‘সে একজন মানসম্পন্ন খেলোয়াড় এবং আসন্ন টুর্নামেন্টে কেউ তাকে হিসেবের খাতা থেকে বাদ দিলে সম্ভবত তার মূল্য দিতে হবে। একজন বড় মাপের খেলোয়াড়কে আপনি দীর্ঘ সময় আপনি দমিয়ে রাখতে পারবেন না। আমি নিশ্চিত ইংল্যান্ডে ভাল খেলতে এবং পুনরায় বিশ্বকে নিজের জাত চেনাতে সে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে।’ 
 
মিস্টার ক্রিকেট খ্যাত হাসি বলেন, ‘আদৌ তার উপর (আইপিএল) কোন প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এটা ভিন্ন দেশে একটা ভিন্ন টুর্নামেন্ট । এখানকার কন্ডিশন এবং দলগুলোও ভিন্ন। এটা কেবলমাত্র ভালভাবে শুরুর বিষয়। টুর্নামেন্টের শুরুর দিকে কিছুটা মোমেন্টাম ও আত্মবিশ্বাস ফিরে পাওয়া ব্যাপার।’ 
 
টুর্নামেন্টের তিন ভেন্যু বার্মিংহাম, কার্ডিফ ও ওভালে স্পিনারদের কিছু ভূমিকা থাকবে বলেও ধারণা করছেন দু’বার বিশ্বকাপ শিরোপা জয়ী এ ব্যাটসম্যান।
 
তিনি বলেন, ‘যেহেতু আমি পিচ দেখিনি তাই এটা বলা আমার জন্য কিছুটা কঠিন। তবে আমি নিশ্চিত যে পিচ শুষ্ক থাকলে টুর্নামেন্টে স্পিনারদের একটা ভূমিকা থাকবে।’
 
ক্যারিয়ারে ১৮৫ ওয়ানডে খেলা অভিজ্ঞ এ ব্যাটসম্যান মনে করছেন ভাল একটা দল হওয়ায় স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের ভাল সম্ভাবনা আছে।
 
তিনি বলেন, ‘আমি মনে করছি অস্ট্রেলিয়ার একটা ভাল সম্ভাবনা আছে। দলটি বেশ শক্তিশালী মনে হচ্ছে। তবে এখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। সব দলই শক্তিশালী এবং পুরো টুর্নামেন্টে একবার ভুল করাও যাবে না। দল শুরুটা ভাল করলে আত্মবিশ্বাস পেলে তাদেরকে থামানো কঠিন হবে।’ পিটিআই/বাসস।
 
ইত্তেফাক/রেজা