বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ায় নিউইয়র্কে প্রতিবাদ

আপডেট : ২৭ মে ২০১৭, ১২:১৩
 
ঢাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের মেজবান পার্টি সেন্টারের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আকতার হোসেন বাদল। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার একদিকে গণতন্ত্রের কথা বলছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের সকল কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করছে। এ ধরনের আচরণে সরকার প্রতিনিয়ত নিজেকে স্বৈরাচার হিসেবে দাঁড় করাচ্ছে।
 
আকতার হোসেন বাদল অভিযোগ করেন, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে নির্বাচন হলে অবশ্যই বিএনপি অংশ নেবে। বিএনপির আন্তর্জাতিক মিত্ররাও তেমনটি আশা করছেন। 
 
মার্কিন কংগ্রেসে পররাষ্ট্রবিষয়ক দুই প্রভাবশালী সদস্যের সঙ্গে বৈঠকের উদ্ধৃতি দিয়ে আকতার হোসেন বাদল আরো বলেন, বিএনপির ভিশন-২০৩০কে তারা স্বাগত জানিয়েছেন। এখন ক্ষমতাসীন সরকারের উচিত হবে সকলের অংশগ্রহণে সাধারণ নির্বাচনের পথ তৈরি করা। 
 
তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি বিএনপি করলেও কংগ্রেসম্যান কিংবা সিনেটরদের সঙ্গে বৈঠকে বাংলাদেশকেই প্রাধান্য দেই। দলীয় স্বার্থের উর্ধ্বে রাখি প্রিয় বাংলাদেশকে। আজ যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদেরও তেমন মনোভাব থাকা জরুরি।
 
সমাবেশ পরিচালনা করেন বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন। আলোচনায় ছিলেন সাঈদুর রহমান সাঈদ, শাহাদৎ হোসেন রাজু, মনিরুল ইসলাম, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, সাইফুল ইসলাম অপু, কাজী মো. আসাদুল্লাহ প্রমুখ।
 
বক্তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের মধ্য দিয়ে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। একইসঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার পথ পরিহার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিও জানান বক্তারা। 
 
ইত্তেফাক/কেকে