ভূ-মধ্যসাগরে ডুবে ২০১৭ সালেই ১ হাজার ৫৩০ অভিবাসীর মৃত্যু

আপডেট : ২৭ মে ২০১৭, ১৪:৪২
জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার জানিয়েছে, ২০১৭ সালে ভূ-মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ১ হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এমনটি জানানো হয়েছে। 
 
আইওএমের প্রতিবেদনে আরো বলা হয়, এবছর সাগর পথে প্রায় ৬০ হাজার ৫২১ জন অভিবাসী ও শরণার্থী ইউরোপে প্রবেশ করে। এদের মধ্যে ৮০ শতাংশের বেশী ইতালিতে যায় এবং বাকিরা গ্রিস, সাইপ্রাস ও স্পেনে প্রবেশ করে। প্রতিদিনের সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান দুজারিক একথা জানান।
IMG0
তিনি আরো বলেন, গত ৭২ ঘণ্টায় আরো প্রায় ৬ হাজার লোককে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। তবে এই সংখ্যা আগের সংখ্যার সঙ্গে যুক্ত করা হয়নি। আগের বছর একই মেয়াদে প্রায় সমান সংখ্যক লোকের মৃত্যু হয়েছিল বলেও জানান তিনি।
IMG1
আইওএমের মুখপাত্র জানান, সাগর পাড়ি দেয়ার ঝুঁকিপূর্ণ মৌসুম শুরু হয়েছে বলে ইতোমধ্যে শরণার্থীদের সতর্ক করে দিয়েছে আইওএম। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু