মাতাল উডসকে গ্রেফতার করলো পুলিশ

আপডেট : ৩০ মে ২০১৭, ১০:৩১
বিখ্যাত গলফ তারকা টাইগার উডস মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সোমবার সকালে ফ্লোরিডায় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ।
 
যদিও কয়েক ঘণ্টা পর উডসকে ছেড়ে দেয় পাম বীচ কাউন্টি পুলিশ। তবে এর বেশি বিস্তারিত জানায়নি পুলিশ। রাত তিনটার দিকে জুপিটার টাউনে পুলিশ উডসকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
 
তবে এ ঘটনায় উডসের দাবি, গাড়ি চালানোর সময় আটক হলেও তখন মাতাল ছিলেন না তিনি। তিনি ঔষধের অপ্রত্যাশিত তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে জানান। 
 
‘আমি যা করেছি তার জন্য আমিই দায়ী, এর পূর্ণ দায়িত্ব নিচ্ছি আমি’ এক বিবৃতিতে এমনটিই জানান ধনাঢ্য এই খেলোয়াড়। তবে ইতিমধ্যে পুলিশ উডসের আটক হওয়াকালের একটি ছবি অনলাইনে প্রকাশ করে। যেখানে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে উডসকে।
IMG0
জানা যায়, সম্প্রতি পিঠে সার্জারি হয়েছে এই ৪১ বছর বয়সী গলফারের। শরীরের সর্বশেষ অবস্থা নিয়ে গত ২৪ মে নিজের ব্লগে লিখেছিলেন উডস। বিশ্বের সবচেয়ে সফল গলফার হিসেবে খ্যাতি অর্জন করেছেন এই আমেরিকান। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু