এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ৬৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাশ করেছে ২০৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন পরীক্ষার্থী।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এসএসসির ফল প্রকাশের পর ঢাকা বোর্ডের ৫৫ হাজার ৩৩০ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন জানায়। এসব শিক্ষার্থীরা মোট ১ লাখ ৩১ হাজার ২২টি পত্রের ফল পুনঃনিরীক্ষণ চেয়ে আবেদন জানায়।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ২৬৭ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১১৩ জন। আর নতুন করে জিপিএ ৫ পেয়েছে ২৭ জন। এই বোর্ডে ২৩ হাজার ৫০৭ জন শিক্ষার্থী ফল পরিবর্তনের আবেদন করেছিলো।
গত ২৬ মে একাদশে ভর্তি আবেদন নেয়া শেষ হলেও যাদের ফল পরিবর্তন হয়েছে তারা আজ ও আগামীকাল বুধবার তাদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন। ৫ জুন প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হবে।
চলতি বছর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয় ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। এরমধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। আর ঢাকা বোর্ডে পাশ করে ৩ লাখ ৮৮ হাজার ৫৪০ জন।
ইত্তেফাক/এএম।
