সাদুল্লাপুরে পিকআপ চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

আপডেট : ৩১ মে ২০১৭, ২০:৩৯
 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পিকআপ চাপায় হাওয়া আকতার (৯) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় উত্তেজিত জনতা পিকআপটি আগুন দিয়ে পুড়ে দিয়ে চালক সুজা মিয়াকে (৩০) আটক করেছে।
 
বুধবার দুপুরে উপজেলার নলডাঙ্গা কাচারী বাজার এলাকার তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাওয়া আকতার জেলার পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের হাসেম আলীর মেয়ে ও নলডাঙ্গা নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
 
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন জানান, দুপুরে মাদ্রাসা ছুটির পর হাওয়া আকতার বাড়ি যাওয়ার পথে একটি মুদি দোকানে যায়। এসময় একটি পিকআপ ওই এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে তুলে দেয়। এতে চাপা পড়ে হাওয়া আকতার ঘটনাস্থলেই মারা যায়। উত্তেজিত জনতা পিকআপটি আগুন দিয়ে পুড়ে দিয়ে চালক সুজা মিয়াকে আটক করে।
 
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ চালক বর্তমানে সাদুল্লাপুর থানায় আটক আছেন।
 
ইত্তেফাক/জামান