এখনই গতি কমানোর কোন ইচ্ছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার তার জোড়া গোলে ভর করে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ৪-১ গোলে জয়লাভ করে স্প্যানিশ জায়ান্টরা। ফলে প্রথমবারের মত কোন দল হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা ধরে রাখতে সক্ষম হল জিনেদিন জিদানের শীর্ষরা।
কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রোনালদো ছাড়াও রিয়ালের পক্ষে বাকি গোল দু’টি করেছেন কাসেমিরো এবং মার্কো আসেনসিও। যার ফলে বিগত চার মৌসুমের মধ্যে তিনটি শিরোপা জয় করতে সক্ষম হয় রিয়াল মাদ্রিদ। এটি ক্লাবটির রেকর্ড সংখ্যক ১২তম শিরোপা। আর ৩২ বছর বয়সী রোনালদো এদিন ক্লাব ও দেশের হয়ে পূর্ণ করলেন ৬০০ গোলের মাইল ফলক। যার মধ্যে চ্যাম্পিয়ন্স লীগেই তার গোল সংখ্যা ১০৫টি। যা তাকে পৌঁছে দিয়েছে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার আসনে।
সাবেক গুরু এ্লেক্স ফার্গুসনের কাছ থেকে ম্যাচ সেরার পুরস্কার গ্রহণের সময় রোনালদো বলেন, ‘এখন মানুষ সমালোচনার জন্য আর কোন শব্দ খুঁজে পাবে না। কারণ এই সংখ্যা মিথ্যা হতে পারে না।
এ সময় রোনালদো আরো বলেন, ‘আমি অত্যন্ত খুশি। কারণ ফের দারুণ একটি মৌসুম কাটাতে পারলাম। আমরা শিরোপা জয় করেছি। এটি আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি। বছরটি আমার দারুণ কেটেছে। আগের বছরটিও ছিল অসাধারণ। এখন বিশ্রাম নেবার জন্য আমি দুই তিনটি দিন সময় পাব। এরপর বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে। সেই সঙ্গে রয়েছে কনফেডারেশন কাপের খেলা।’
চার বার বিশ্বসেরার খেতাব জয়ী এই ফুটবল সুপার স্টার বলেন, ‘দীর্ঘ একটি মৌসুম গেছে। তবে আমি যথেষ্ট উজ্জীবিত। এখন দারুণ একটি সময় কাটাচ্ছি। আমি খুশি। মনে হচ্ছে আমি একেবারেই‘তরুণ বালক’। বাসস।
ইত্তেফাক/এমআর
