মোহাম্মদ আশরাফুলের সঙ্গে যৌথভাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন ম্যাশ-সাকিব।
বাংলাদেশের ওয়ানডে জার্সি গায়ে আশরাফুলের মতো ১৭৫টি ম্যাচ খেলার মালিক এখন মাশরাফি-সাকিব। ২০০১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক ঘটে আশরাফুলের। ওই বছরের শেষের দিকে দেশের মাটি চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামেন মাশরাফি। আর ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে সাকিবের। একই দিনে ১৭৪তম ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম, ১৭১ ম্যাচ খেলে এর পরেই আছেন তামিম ইকবাল।
ইত্তেফাক/সাব্বির
