চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২১ ওভার শেষে দলীয় সংগ্রহ ৬৯ রান। তামিম ইকবাল ৩১ ও সাকিব আল হাসান ১৩ রানে ক্রিজে অপরাজিত আছেন।
টুর্নামেন্টে টিকে থাকার জন্য জয়ের লক্ষ্য নিয়েই দিবা-রাত্রির ম্যাচে মাঠে নেমেছে দুই দল। ওভাল ক্রিকেট গ্রাউন্ড মাঠে টসে জিতে ব্যাটিং বেছে নেয় টাইগার অধিনায়ক মাশরাফি। ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করা সত্ত্বেও ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে হ্যাজেলউডের শিকার হয়ে সাজঘরে ফিরে যান টাইগার উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। তিনি মাত্র ৩ রান সংগ্রহ করেন। সৌম্যর দেখানো পথেই কিছুক্ষণ পর বিদায় নেন ওয়ান-ডাউনে নামা ইমরুল কায়েস। প্যাট কামিন্সের শিকার হয়ে ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন কায়েস। কায়েসের বিদায়ের পর মুশফিকুর রহিম দলীয় ৫৩ রানে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক (৯)। পরে দেখা যায় মোজেস হেনরিকুইসের বলটি ব্যটের ভেতরের কানায় লেগেছিল। দুর্ভাগা মুশফিক।
প্রায় ছয় বছর পর ওডিআই ক্রিকেটে দু দলের সাক্ষাৎ হচ্ছে । ওভালের আজকের ম্যাচে বৃষ্টির হানা দেয়ার শঙ্কা আছে বলে স্থানীয় আবহাওয়া বার্তায় জানানো হয়েছে।
এই ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন এসেছে। মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় দলে এসেছে মেহেদী হাসান মিরাজ। জন হেস্টিংসের বদলে অসি শিবিরে এসেছে অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মজেশ হেনরিকুইস, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স।
ইত্তেফাক/রেজা
