আসছে নিরাপত্তা সূতা সম্বলিত ১০০ ও ৫০০ টাকার নোট

আপডেট : ০৬ জুন ২০১৭, ২০:২৪
 
ব্যাংকনোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যমান কাগজের পরিবর্তে দীর্ঘস্থায়ী শতভাগ কটন কাগজে মুদ্রিত এবং ৪ মিমি প্রশস্ত নিরাপত্তা সূতা সংযোজিত নোট আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ১৪০ মিমি দৈর্ঘ্য ৬২ মিমি প্রস্থ পরিমাপের ১০০ টাকা এবং ১৫২ মিমি দৈর্ঘ্য ৬৫ মিমি প্রস্থ পরিমাপের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। যা আগামী ১১ জুন থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
 
১০০ টাকার নতুন নোটের নিরাপত্তা সূতার দিকে সরাসরি তাকালে লাল রংয়ের নিরাপত্তা সূতা এবং উজ্জ্বল রূপালী বারের সমন্বয় দেখা যাবে। বর্ণিত নিরাপত্তা সূতার দিকে সরাসরি তাকালে বা আলোর বিপরীতে দেখলে ১০০ টাকার নোটে ‘১০০ টাকা’, ৫০০ টাকার নোটে ‘৫০০ টাকা’ লেখাটি দেখা যাবে। ‘১০০ টাকা’ এবং ‘৫০০ টাকা’ টাকা লেখা কতিপয় ক্ষেত্রে নিরাপত্তা সূতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ এবং আংশিক এবং কতিপয় ক্ষেত্রে নিরাপত্তা সূতার ভিতরে অবস্থান করবে। নতুন নিরাপত্তা সূতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে উঠানো সম্ভব হবে না। নোটের রং, ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ ও ৫০০ টাকা মুল্যমানের অন্যান্য নোটও  বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।
 

ইত্তেফাক/এএম।