আর্থারকে বরখাস্তের দাবি ইউসুফের

আপডেট : ০৬ জুন ২০১৭, ২০:৫০
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিকি আর্থারকে বরখাস্তের দাবী করেছেন দেশটির সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে শোচনীয়ভাবে পরাজয়ের পর পাকিস্তান কোচ আর্থারকে এ বরখাস্তের আহবান করেন সাবেক এ অভিজ্ঞ ব্যাটসম্যান।
 
এজবাস্টনে অনুষ্ঠিত বহুল প্রতিক্ষিত এ ম্যাচে বৃষ্টি আইনে ভারতের কাছে ১২৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় পাকিস্তান। যার ফলে তিন বছর যাবত পার্শ্ববর্তী দেশটির বিরুদ্ধে জয়হীন থাকতে হয়েছে পাকিস্তানীদের। 
 
ইউসুফ বলেন, আর্থার পাকিস্তানী খেলোয়াড়দের উপর কোন ইতিবাচক প্রভাব ফেলতে পারেননি এবং পাকিস্তান দল কেন আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে নেমে গেছে এখনই ক্রিকেট বোর্ডকে সেটা অনুধাবন করতে হবে।
 
৪২ বছর বয়সী সাবেক এ ব্যাটসম্যান বলেন, ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানী বোলিং আক্রমণ সঠিক ছিল না। এ সময় তিনি জুনাইদ খান ও হাসান আলীকে বোলিংয়ে আনারও সমালোচনা করেন।
 
সাবেক এ অধিনায়ক বলেন অতীতে তারা বহুবার ভারতকে হারিয়েছে। কিন্তু এবার ভারতের কাছে এত বড় ব্যবধানে পরাজিত হওয়াটা কেবলমাত্র লজ্জার ও অগ্রহণযোগ্য।বাসস।
 
ইত্তেফাক/রেজা