পর পর দুই রান আউটে বিপর্যয়ের সম্মুখীন দক্ষিণ আফ্রিকা দল। ২৯তম ওভারে রান নিতে গিয়ে হার্দিক পাণ্ডিয়ার থ্রোতে রানআউট হন এবি ডি ভিলিয়ার্স।
এর পরের ওভারেই ডু প্লেসিস ও ডেভিড মিলারের ভুল বোঝাবুঝিতে আরেকটি রানআউট হয়। দুই ব্যাটসম্যান একই দিকে দৌড় দেয়ায় কে আউট হয়েছে সেটা দেখতে সাহায্য নিতে হয় টিভি আম্পায়ারের। টিভি আম্পায়ার জানান আউট হয়েছেন ডেভিড মিলার।
৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ১৪৫। উইকেটে আছেন ডু প্লেসিস ও জেপি ডুমিনি।
এর আগে ক্যারিয়ারের ১৪তম ফিফটি করার পরে দলীয় ১১৬ রানে জাদেজার বলে বোল্ড হন ডি কক। তিনি ৭২ বলে ৪ টি চারের সহায়তায় ৫৩ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার উপর প্রথম আঘাত হেনেছেন একাদশে ফেরা রবিচন্দ্রন অশ্বিন। হাশিম আমলাকে উইকেটের পেছনে ধোনির ক্যাচে পরিণত করেছেন তিনি।
আউট হওয়ার আগে ৫৪ বল খেলে ৩৫ রান করেছিলেন আমলা। কেনসিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ের ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই ম্যাচে একাদশে ফিরেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
উল্লেখ্য, এই ম্যাচে যে দল জিতবে সেই দল সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। শ্রীলংকার বিপক্ষে হারার ম্যাচে অশ্বিনের শূন্যতা অনুভব করেছিলেন ভারত অধিনায়ক কোহলি। উমেশ যাদবের বদলে তাকে একাদশে নেয়া হয়েছে। অশ্বিনকে দ. আফ্রিকার তিন বাঁহাতি ব্যাটসম্যানের মুখোমুখি হতে হবে।এদিকে ধারাবাহিক ব্যর্থতার পরেও জেপি ডুমিনির উপর ভরসা রেখেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েন পারনেলের বদলে দলে ঢুকেছেন আন্দিল ফেহলুকোয়াইয়ো।
ইত্তেফাক/সাব্বির
