ঈদে বিমানের অতিরিক্ত ফ্লাইট ও ছাড়ের ঘোষণা

আপডেট : ১১ জুন ২০১৭, ২০:৪৯
আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রবিবার ঈদ অফার ঘোষণা করেছে।  
 
ঘোষণা অনুযায়ী বিমান তার অভ্যন্তরীণ রুটে ভাড়ায় ছাড় দেবে এবং ২৩ জুন ঢাকা-সৈয়দপুর রুটে ও ২৪ জুন ঢাকা-যশোর রুটে একটি করে অতিরিক্ত ফ্লাইট চালাবে।
 
বিমান-এর মুখপাত্র শাকিল মেরাজ বলেন, ‘চট্টগ্রাম ও সিলেট রুটে বড় এয়ারক্রাফট থাকায় সেখানে আমরা অতিরিক্ত ফ্লাইটের প্রয়োজন আছে বলে মনে করছি না।’
 
বিমান আগামী ১৯ থেকে ২৬ জুন ভাড়ায় ছাড় দিয়ে রাজশাহী, সৈয়দপুর, যশোর, বরিশাল ও সিলেট থেকে ঢাকা একমুখী সর্বনিম্ন দুই হাজার এবং চট্টগ্রাম থেকে ঢাকা আড়াই হাজার টাকা ভাড়ার অফার দিয়েছে।
 
ঈদের পর ২৭ জুন থেকে ৩ জুলাই ঢাকা থেকে রাজশাহী, সৈয়দপুর, যশোর, বরিশাল ও সিলেটে একমুখী দুই হাজার এবং ঢাকা থেকে চট্টগ্রামে আড়াই হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। বাসস
 
ইত্তেফাক/ইউবি