একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে কম ইনিংসে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এই টপ অর্ডার ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়েন। রেকর্ড গড়তে ডি ভিলিয়ার্সের লেগেছিল ১৮২ ইনিংস। কোহলি খেলেছেন ১৭৫ ইনিংস। বৃহস্পতিবার সাব্বির রহমানের বলে ৮৮ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই এই নতুন নজির গড়ে ফেলেন কোহলি।
৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৮৮ রানের দরকার ছিল কোহলির। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে এই রেকর্ড গড়ার পাশাপাশি দলকে ফাইনালে নিয়ে গেলেন ভারত অধিনায়ক। সাব্বির রহমানের বলে এক রান নিয়ে ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলেন কোহলি। ৯৬ রানের অপরাজিত ইনিংস। খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
কেবল ৮ হাজারী ক্লাবই নয়, ৫, ৬ ও ৭ হাজারী ক্লাবে পৌছানোর দ্রুততম রেকর্ডও ছিল কোহলির অধিকারে। এর সবকটি ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা। তবে সবচেয়ে কম ২০৫ ইনিংসে ৯ হাজার রানে পৌঁছানোর রেকর্ড এখনও অক্ষুণ্ন রেখেছেন প্রোটিয়া অধিনায়ক বিধ্বংসী ডি ভিলিয়ার্স।ইএসপিএন ক্রিকইনফো।
ইত্তেফাক/রেজা
