লালমনিরহাটে খালি টিফিন বাটি নিয়ে সংঘর্ষে লালমনিরহাটের আদিতমারীতে আব্দুর রাজ্জাক (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সে উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় আদিতমারী উপজেলার পলাশী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় দুপুরের খাবার নিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের সংস্কার কাজের শ্রমিক হিসেবে কাজে আসেন রাজ্জাক। ওই কাজে তার সাথে অন্যসব শ্রমিকের মত তার এলাকার নুরুজ্জামানের ছেলে রিপনও কাজে আসেন। খাবার শেষে টিফিন বাটি ফেলে যান রিপন। সেই বাটি নিয়ে যান শ্রমিক রাজ্জাকের ভাই জাহেদুল ইসলাম। পরে তাদের টিফিন বাটি অনিচ্ছাকৃত ভুলে বদল হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় বিতর্ক বাঁধে রিপন ও রাজ্জাকের মধ্যে। বিতর্কের এক পর্যায়ে রিপন ও তার বাবা নুরুজ্জামান লাঠি দিয়ে রাজ্জাককে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় জানান, এখনও মামলা হয় নি। তবে ঘাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশই চেষ্টা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআর
