বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে শুক্রবার রাতে ১ হাজার ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ছয় মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, কালমেঘার আমড়াতলা কাচারিবাড়ি এলাকার শাকিল (৩০), ফিরোজ (৩২) ও আজাদ (৩১), কুপদোন গ্রামের নেছারউদ্দিন (৬০), তার স্ত্রী হাসিনা বেগম (৫০), কালুমিয়া (৪০)।
অভিযানকালে মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা চালালে উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম, কনস্টেবল আরিফ হোসেন, তরিকুল ও মাসুম আহত হন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জিয়াউল হক জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নর আমড়াতলা ও কুপদোন গ্রামে পাথরঘাটা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এদের আটক করে। এ সময় ৩২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে একই ইউনিয়নের কুপদোন গ্রামের জামাল হোসেন হাওলাদারের পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তবে মাদক বিক্রির মূল হোতা শাহিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময়ে মাদক বিক্রেতারা লাঠি-সোটা নিয়ে হামলা করলে পুলিশ সদস্যরা আহত হন।
ওসি আরও জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি ও পুলিশের ওপর হামলার অপরাধে আরও একটি মামলা হয়েছে। পলাতক শাহিনকে ধরিয়ে দিতে পারলে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।-বাসস।
ইত্তেফাক/এমআর
