বরিশালে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০১৭, ১৪:৫৮
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চুরির অভিযোগে শনিবার গণপিটুনিতে নাসির উদ্দিন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর এলাকার আনসার উদ্দিনের ছেলে। কোতয়ালী মডেল থানার ওসি শাহ আওলাদ হোসেন পিপিএম  জানান, সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের মাঝখানের গেটে ওই যুবককে পড়ে থাকতে দেখলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে নাসির উদ্দিন জানিয়েছেন, মোবাইল চুরি করায় তাকে মারধর করা হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
  
থানার এসি আসাদুজ্জামান বলেন, শেবাচিম হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনির ফলে মৃত্যু হয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে। তবে তাকে চুরির কারণে মারধর করা হয়েছে কিনা সেটা এখনও নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।
 
এদিকে, জেলার বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়ায় সুমন বিশ্বাস (২৬) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে তাকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. দাস রনবীর তাকে মৃত ঘোষণা করেন। মৃত সুমন বিশ্বাস বোয়ালিয়া এলাকার কালাচান বিশ্বাসের ছেলে। সুমনের আত্মীয় স্বজনরা ভারতে থাকলেও তিনি বাকেরগঞ্জে বসবাস করতেন। 
 
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সুমন বিশ্বাস অচেতন হয়ে রাস্তায় পড়েছিল এমন কোন খবর তাদের কাছে নেই। তবে মৃত্যুর বিষয়টি জানার পর খোঁজ নেয়া হচ্ছে। হাসপাতালের অপর একটি সূত্রে জানা গেছে, সুমনের পায়ে ক্ষত চিহ্ন রয়েছে, ময়নাতদন্ত রিপোর্টে পুরো তথ্য জানা যাবে।
 
ইত্তেফাক/এমআই