ভারতের দার্জিলিং এ গত কয়েকদিনের বিক্ষোভ নতুন মোড় নিয়েছে। শুক্রবার মধ্যরাতে মোর্চা নেতা বিক্রম রাইকে গ্রেফতারের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। রাইয়ের গ্রেফতারির প্রতিবাদে মোর্চা মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিলো পাহাড়। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করেও নিক্ষেপ করা হয় ইট-পাটকেল।
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১টায় দার্জিলিং এর বাড়ি থেকে গ্রেফতার করা হয় গোর্খা জনমুক্তি মোর্চার মিডিয়া অ্যাডভাইজার বিক্রম রাইকে। এরপরই আরও উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। শনিবার সকালেই বিক্রমের গ্রেফতারির প্রতিবাদে দার্জিলিং এর লেবঙে মোর্চা সমর্থকদের মিছিল বের হয়। সিংমারিতে পুলিশ এবং মোর্চা সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। মোর্চা সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে। ব্যারিকেড ভেঙে এগোতে থাকে মোর্চার মিছিল। পরিস্থিতি মোকাবিলার কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।
IMG0
বিক্রম দার্জিলিং এর মোর্চা বিধায়ক অমর রাইয়ের ছেলে। শুক্রবার রাত থেকেই তার বাড়ি ঘিরে রাখে পুলিশ। বিক্রম তখন বাড়িতেই ছিলেন। পরিবারের অন্যান্যরাও সে সময়ে উপস্থিত ছিলেন। তার বাড়িতে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। তারপর রাত ১টা নাগাদ তিনি গ্রেফতার হন। তবে তল্লাশিতে কিছু মিলেছিল কি না বা তার গ্রেফতারি প্রসঙ্গে এখনও কিছু জানায়নি পুলিশ।
IMG1
এই ঘটনাকে অগণতান্ত্রিক বলেছেন তার বাবা অমর রাই। এটা জনগণের কণ্ঠরোধ করার একটা চেষ্টা বলে মন্তব্য করেন তিনি। এর বিরুদ্ধে তিনি আদালতে মামলা করার কথাও বলেছেন।
ইত্তেফাক/সেতু
