বিশ্বকাপে ইংল্যান্ডকে নিয়ে আশাবাদী কলিংউড

আপডেট : ১৭ জুন ২০১৭, ১৬:৫২
বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্বে উড়িয়ে দিয়ে দারুনভাবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। কিন্তু সেমিফাইনালে অনিশ্চিত পাকিস্তানের কাছে টুর্নামেন্টের সবচেয়ে নাটকীয় ম্যাচে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে স্বাগতিক ইংল্যান্ডকে। তবে দলটির সাবেক অধিনায়ক পল কলিংউড বিশ্বাস করেন ২০১৯ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে নিজেদের ঠিকই প্রমান করবে ইংলিশরা। 
 
এ সম্পর্কে কলিংউড বলেছেন, পাকিস্তান যেভাবে খেলেছে তাতে জয়টা তাদের প্রাপ্য ছিল। এটাই এই ধরনের টুর্নামেন্টের বাস্তবতা। আর এ কারনেই আইসিসি টুর্নামেন্ট সবসময়ই যেকোন দলের জন্য কঠিন। কিন্তু আমি মনে করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। ইংল্যান্ড জিতুক বা পরাজিত হোক পুরো টুর্ণামেন্টে তারা ভাল ক্রিকেট খেলেছে। বিশ্বের যেকোন দলের তুলনায় ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ দারুন শক্তিশালী ছিল। এই দলে সম্ভবত ১৫-১৬ জন খেলোয়াড় রয়েছে যারা যেকোন পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে।
 
কার্ডিফে পরাজয়ের পরে একটি বিষয় সামনে এসেছে ঘরের মাঠে ইংল্যান্ড কি তাহলে পিচের আবহ বুঝতে পারেনি। যেখানে পাকিস্তান দারুনভাবে পিচ বুঝতে পেরে ইংল্যান্ডকে মাত্র ২১১ রানে গুটিয়ে দেয়। কলিংউড বলেন, পাকিস্তান দারুন বোলিং করেছে। গত দুই বছরে ইংল্যান্ড নিজেদের মাঠে যেভাবে দাপুটের সাথে খেলেছে তার কিছুই সেমিফাইনালে খেলতে দেয়নি পাকিস্তানের বোলাররা। অনেকেই ইংল্যান্ডের খেলা নিয়ে সমালোচনা করছে। কিন্তু আমি একটি কথাই বলতে চাই এই পাকিস্তানের বিপক্ষে শারজাহর ধীর গতির পিচে ইংল্যান্ড জয়ী হয়েছে। সে কারনেই কখনো ভাল খেললেও প্রতিপক্ষ দল আরো একটু ভাল খেলার কারনেই তা বিস্ময়ের জন্ম দেয়।
 
ইত্তেফাক/ রেজা