ঈদ উপলক্ষে বেনাপোল চেকপোস্ট দিয়ে কেনা কাটার জন্য ভারতগামী পাসপোর্টযাত্রীদের ভিড় জমছে। ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা সহজিকরণ করায় ঈদ উপলক্ষে অনেকে স্ব-পরিবারে ভারতে কেনাকাটার জন্য পাড়ি জমাচ্ছেন।
বেনাপোল নোম্যান্সল্যান্ডে সকাল সাড়ে ১০টার সময় দেখা গেছে প্রায় তিন হাজার বাংলাদেশি পাসপোর্ট যাত্রী নোম্যান্সল্যান্ড এলাকায় দাঁড়িয়ে আছে সারিবদ্ধ লাইনে। বাংলাদেশ ইমিগ্রেশনে লোকবল ও ডেস্ক সংখ্যা বাড়িয়ে দ্রুত কাজ করলেও ভারতের ইমিগ্রেশনে কাজ করতে বিলম্ব হওয়ায় প্রচণ্ড রোদ উপেক্ষা করে শিশুদের নিয়ে দাঁড়িয়ে আছে যাত্রীরা। ঈদের কেনাকাটার জন্য বিদেশ যাচ্ছে এ জন্য অনেকে হাসিমুখে মেনে নিচ্ছে এ কষ্টকে।
ঢাকা থেকে আসা শাহনেওয়াজ হোসেন মিন্টু, সিলেট থেকে আসা মামুন বলেন, 'পরিবার নিয়ে কলকাতায় যাচ্ছি তাদের পছন্দ মত কেনা-কাটার জন্য। দুই ঘণ্টা দাঁড়িয়ে আছি তবু ও ক্লান্তি নাই ছেলে মেয়েদের, কারণ- ঈদের নতুন পোশাক কিনতে তারা ছুটছে কলকাতায়।'
ভারতগামী যাত্রীরা জানান, ভারতে পোশাকের দাম কম এবং গুণগতমান ভাল হওয়ায় কষ্ট হলেও ভারতে যেয়ে মার্কেট করতে ভাল লাগে। এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ওমর শরীফ বলেন, 'গত কয়েক দিন ধরে পাসপোর্টযাত্রীদের প্রচুর ভিড় হচ্ছে। ভারত গামী যাত্রীদের সংখ্যা আগের তুলনায় বেড়েছে তিনগুণ। কিন্তু ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কর্মকর্তাদের কাজের ধীর গতির কারণে জিরো পয়েন্টে যাত্রীরা নানা ভাবে দুর্ভোগের শিকার হচ্ছে।'
ইত্তেফাক/জামান
