প্রবল বর্ষণে শনিবার সিলেট নগরীতে আবারো জলাবদ্ধতা হয়েছে। এর আগে বুধবারও নগরীতে কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানি জমে। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার হাঁটু উচ্চতার বেশি পানিতে তলিয়ে যায় নগরীর অনেক সড়ক ও বাসা-বাড়ি। ফলে পানিবন্দি হয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন নগরবাসী।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে টানা বৃষ্টি। এই অতিবৃষ্টিতে পানিতে উপচে পড়ে নগরীর অনেক খাল। পানি ওঠে যায় রাস্তায়। ফলে বিপাকে পড়েন বিভিন্ন ধরণের যানবাহনের চালক ও যাত্রীরা। সবচেয়ে বেশি দুর্ভোগ ছিল রিকশা যাত্রীদের। রাস্তার ছোট-বড় গর্তে চাকা আটকে গিয়ে দুর্ভোগে পোহাতে হয় রিকশার চালক ও যাত্রীদের।
এদিকে নগরীর নগরীর পাঠানটুলা, সুবিদবাজার, লন্ডনীরোড ও গুয়াবাড়ি এলাকার ছড়া, খাল, নালা ও ড্রেন পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সকালে টানা বৃষ্টির মধ্যে মেয়র আরিফ সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা, সুবিদবাজার এলাকায় জমে থাকা হাঁটু পানিতে নেমে বিদ্যমান সমস্যা ও পানি আটকে থাকার প্রতিবন্ধকতা চিহ্নিত করে খাল, নালা ও ড্রেন পরিষ্কার কাজ শুরু করেন। পরে জলাবদ্ধ এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন মেয়র আরিফ।
এসময় সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামছুল ইসলামকে দ্রুত এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে মেয়র নির্দেশ প্রদান করেন। পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর সুবহানীঘাট, যতরপুর, মিরাবাজার সহ বেশ কয়েকটি জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। উল্লেখ্য, গত বুধবার ও শনিবার সিলেট নগরীতে টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। জলাবদ্ধ এলাকায় মেয়র সশরীরে উপস্থিত হয়ে এলাকা পরিদর্শন করে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে ছড়া, খাল,নালা ও ড্রেন উদ্ধারে অভিযান শুরু করেন।
ইত্তেফাক/জামান
