বগুড়ার কাহালু উপজেলায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আমিনুর রহমান (২৭) নামে এক অটো রিকশাচালক খুন হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুর কাহালু উপজেলার কাশিমালা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটো রিকশা চালাতেন। স্থানীয়রা জানান, আমিনুরের সঙ্গে তার চাচাতো ভাইয়ের পারিবারিক বিরোধ ছিল।
শনিবার সকালে আমিনুরের ছাগল তার চাচাতো ভাইয়ের গাছ খাওয়ায় দুই পরিবারের লোকজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে আমিনুরের বুকে তার চাচাতো ভাই ছুরি দিয়ে আঘাত করে। এতে আমিনুর মাটিতে লুটে পড়েন। প্রতিবেশীরা তাতে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই মান্নান পালিয়ে গেছে।
কাহালু থানার ওসি নূরে আলম ছিদ্দিকী বলেন, 'আমিনুরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।'
ইত্তেফাক/জামান
