খুলনা বিভাগে বোরো সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা

আপডেট : ১৮ জুন ২০১৭, ১৬:১১

সরকারের সংগ্রহ মূল্যের চেয়ে খোলা বাজারে ধান-চালের মূল্য বেশি থাকায় এবার খুলনা বিভাগে বোরো সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার চালকল মালিকেরা চাল বিক্রির জন্য সরকারি খাদ্য গুদামের দুয়ার মাড়াচ্ছে না।

 খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এবার সরকার প্রতি কেজি চালের সংগ্রহ মূল্য ধার্য করেছে ৩৪ টাকা। খুলনা বিভাগের ১০ জেলায় কোথাও ৩৪ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে না। মোটা চাল পাইকারি সর্বনিম্ন ৩৮-৩৯ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকারি গুদামে আর্দ্রতামুক্ত চাল ক্রয় করা হয়। এ মানের চালের কেজি ৪০ টাকা।

এবার এ বিভাগে ৬৯ হাজার টন চাল ও সাড়ে ৭ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। গমের সংগ্রহমূল্য ধার্য করা হয়েছে ২৮ টাকা। গম সরাসরি চাষিদের কাছ থেকে কেনার কথা। ১২ জুন পর্যন্ত খুলনা বিভাগে সাড়ে ৫’শ টন চাল ও ১৫’শ টান গম সংগ্রহ সম্ভব হয়েছে।

অন্যান্য বছর চালকল মালিকেরা সরকারি ক্রয় কেন্দ্রে চাল বিক্রির জন্য ধর্ণা দেয়। এবার তার ব্যত্যয় ঘটছে। খাদ্য বিভাগের কর্মকর্তারা সরকারি ক্রয় কেন্দ্রে চাল বিক্রির জন্য চুক্তি করতে চালকল মালিকদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। নইলে মিলের লাইসেন্স বাতিল করা হবে। আবার বলা হচ্ছে চুক্তি না করলে আগামীতে চাল বিক্রির কোনো বরাদ্দ দেওয়া হবে না। লাইসেন্স বাঁচাতে কোনো কোনো মিল মালিক বাধ্য হয়ে চাল সরবরাহের চুক্তি করছে।

খুলনা বিভাগীয় খাদ্য অফিসের এক সূত্রে জানা যায়, ১২ জুন পর্যন্ত মিল মালিকদের সাথে ২২ হাজার টন চাল সরবরাহের চুক্তি হয়েছে।  ঝিনাইদহের শৈলকুপার চালকল মালিক শৈলেন সাহা জানান, তিনি লাইসেন্স বাঁচাতে খাদ্য বিভাগের সাথে ১৬ টন চাল বিক্রির চুক্তি করেছেন। চাল সরবরাহে তার ৭৫-৮০ হাজার টাকা লোকসান হবে।

বাজারে গম বিক্রি হচ্ছে ২০-২১ টাকা কেজি দরে। প্রকৃত গম চাষিদের তালিকা দিবে কৃষি বিভাগ। তার ভিত্তিতে উপজেলা ক্রয় কমিটি যাচাই-বাছাই করে ক্রয়কেন্দ্রে চাষিদের নামের তালিকা পাঠাবে। চাষিদের ব্যাংকে হিসাব খুলতে হবে। গমের মূল্য চেকের মাধ্যমে পরিশোধ করা হবে। এরমধ্যেও অভিযোগ শোনা যাচ্ছে কোনো কোনো এলাকায় ধান্ধাবাজির চেষ্টা করছে এক শ্রেণির গম ব্যবসায়ী। নেপথ্যে আছে ক্ষমতাসীন দলের লোকজন।  ২ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

ইত্তেফাক/নূহু