রামগড়ে পাহাড় ধসে ২ ভাই নিহত

আপডেট : ১৮ জুন ২০১৭, ১৪:২১
 
খাগড়াছড়ির রামগড়ে পাহাড় ধসে দুই ভাই প্রাণ হারিয়েছে। আজ রবিবার ভোর ৬টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত বুদংছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলো- বুদং ছড়া গ্রামের বাসিন্দা মো. মোস্তফার দুই ছেলে নুর হোসেন (১৪) ও নুর নবী (১০)। 
 
টানা বর্ষণে পাশের পাহাড়ের একাংশ ধসে ঘরটির ওপর আছড়ে পড়ে। এতে শিশু দুটি মারা গেলেও ঘরের অপর কক্ষে থাকা পরিবারের অন্যান্যরা অক্ষত অবস্থায়   বেড়িয়ে আসতে সক্ষম হন। এলাকার লোকজন এসে রবিবার সকালে নিহতদের লাশ উদ্ধার করে। 
 
এদিকে, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন মিয়াসহ কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি জানান, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/কেকে