আড়াই বছর পর চেয়ারে বসলেন গাজীপুরের মেয়র

আপডেট : ১৮ জুন ২০১৭, ২০:০৩
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান আড়াই বছর পর সর্বোচ্চ আদালতের নির্দেশে মেয়রের দায়িত্ব নিয়েছেন।
 
রবিবার দুপুরে অধ্যাপক এমএ মান্নান গাজীপুর আদালতে হাজিরা শেষে নগর ভবনে গিয়ে নিজ দফতরের আসন গ্রহণ করেন। এর আগে অধ্যাপক এমএ মান্নান নগর ভবনে আসবেন এমন খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিএনপিপন্থী কাউন্সিলররা সিটি করপোরেশনের সামনে এসে উপস্থিত হন।
 
মেয়র মান্নান সাংবাদিকদের বলেন, ‘আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কিন্তু অসংখ্য মামলা দিয়ে আমাকে কারাগারে আটক রাখা হয়েছিল।দুবার বরখাস্ত করে সরকার। কিন্তু উচ্চ আদালত সরকারের এই আদেশ স্থগিত করে দেয়।’
 
এদিকে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, অধ্যাপক এম এ মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়েছেন। রবিবার পর্যন্ত ওই মন্ত্রণালয় থেকে মেয়রের দায়িত্ব পালন না করার জন্য কোন চিঠি আমাকে দেয়া হয়নি। তাই চিঠি না পাওয়া পর্যন্ত আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে যাব।
 
প্রসঙ্গত, গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এমএ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এর পর একে একে তার বিরুদ্ধে সব মিলিয়ে ৩০টি মামলা দায়ের করা হলেও সব কটি মামলায় তিনি জামিন লাভ করেন। মেয়র মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
 
ইত্তেফাক/ইউবি